বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে সব প্রস্তুত, বুধবার বা ১১ ডিসেম্বর প্রকাশ হতে পারে

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে সব প্রস্তুত, বুধবার বা ১১ ডিসেম্বর প্রকাশ হতে পারে

favicon
ভোরের আলো ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে সব প্রস্তুত, বুধবার বা ১১ ডিসেম্বর প্রকাশ হতে পারে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানিয়েছে। কমিশনার রহমানেল মাসউদ গণমাধ্যমকে জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় কিংবা ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।


মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, “আগামীকাল বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় অথবা ১১ ডিসেম্বর ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে কমিশন।”


তিনি আরও জানান, তফসিল ঘোষণায় রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা বিশেষ গুরুত্ব পাবে।


ইতোমধ্যে তফসিল ঘোষণার অংশ হিসেবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ডের জন্য চিঠি পাঠানো হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে সিইসির এই ভাষণ রেকর্ড হওয়ার কথা।


এর আগে সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনার দুপুর সাড়ে ১২টায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করবেন।


কমিশন সূত্র বলছে, বুধবার বা বৃহস্পতিবার জাতির উদ্দেশে সিইসির রেকর্ড করা ভাষণ সম্প্রচারের মাধ্যমেই তফসিল ঘোষণা দেওয়া হবে। অতীতের মতো এবারও ভাষণ রেকর্ডের দিনই তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।


এ বিষয়ে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, “বিটিভি ও বেতারকে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে।” বুধবার আগারগাঁও নির্বাচন ভবনে সিইসির ভাষণ রেকর্ড করা হবে বলেও নিশ্চিত করেন তিনি।


সূত্র আরও জানিয়েছে, ভাষণ রেকর্ডের পর প্রয়োজন হলে তাৎক্ষণিক সম্প্রচারের জন্য বিটিভি ও বেতারকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।