বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল: সিইসি

চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল: সিইসি

favicon
ভোরের আলো ডেস্ক:
চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। তিনি বলেন, “আমরা নির্বাচনের ট্রেনে উঠে গেছি।”


মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে সিইসি নির্বাচন কমিশন থেকে সরাসরি সুপ্রিম কোর্টে পৌঁছান। সেখানে রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী তাকে স্বাগত জানান।


সাক্ষাৎ প্রসঙ্গে সিইসি বলেন, প্রধান বিচারপতি শিগগিরই অবসরে যাচ্ছেন, তাই বিদায়ী সৌজন্য বৈঠকেই তিনি এসেছেন। নির্বাচনসংক্রান্ত মামলার বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি।


এদিকে নির্বাচন কমিশনার রহমানেল মাসউদ জানিয়েছেন, তফসিল ঘোষণার ভাষণ চূড়ান্ত করা হয়েছে, এবং রেকর্ডিংয়ের জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে চিঠি পাঠানো হয়েছে। ভাষণ রেকর্ডের সময় ঠিক করা হয়েছে ১০ ডিসেম্বর।


ইসি সূত্র জানায়, বুধবার বিকেল ৪টার দিকে সিইসির তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করা হবে। এর আগে দুপুর সাড়ে ১২টায় সিইসি ও অন্যান্য কমিশনাররা রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের সার্বিক প্রস্তুতি তুলে ধরবেন।


সূত্র আরও জানায়, বুধবার বা বৃহস্পতিবার জাতির উদ্দেশে রেকর্ড করা ওই ভাষণ প্রচারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা হবে। অতীতে ভাষণ রেকর্ডের দিনেই তফসিল ঘোষণার নজির থাকায় এবারও একই প্রক্রিয়া অনুসরণ করা হতে পারে।