তফসিলের আগেই পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধি—তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া—আজ পদত্যাগ করতে যাচ্ছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) তারা সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগের সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করেছেন। এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করবেন। ধারণা করা হচ্ছে, পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানোর জন্যই এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
এর আগের দিন, সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে ‘যমুনা’তে বৈঠকে অংশ নেন সরকারের কয়েকজন জ্যেষ্ঠ উপদেষ্টা। সেখানে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গ ওঠে। সরকারের উচ্চপর্যায়সহ উপদেষ্টা পরিষদের অনেকে মত দেন যে তফসিল ঘোষণার পর ছাত্র প্রতিনিধিদের উপদেষ্টা হিসেবে রাখা উপযুক্ত হবে না।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের দুই দিন পর, অর্থাৎ ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের প্রতিনিধি হিসেবেই উপদেষ্টা পরিষদে স্থান পান মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।