পরীক্ষা চলাকালে স্ত্রীকে দেখার বাধা : কলেজে রামদা নিয়ে যুবকের মহড়া, আতঙ্কে শিক্ষক–শিক্ষার্থীরা
ফরিদপুরের আলফাডাঙ্গায় পরীক্ষা চলাকালে কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ায় রাস্তায় রামদা উঁচিয়ে মহড়া দিয়েছেন আল সাদ নামের এক যুবক। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা পৌনে ১টার দিকে কামারগ্রাম আদর্শ ডিগ্রি কলেজ চত্বরে এই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে ধরা পড়া এ ঘটনায় শিক্ষক–শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সাক্ষ্যসূত্রে জানা যায়, ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা চলার সময় আল সাদ কলেজে ঢুকে তাঁর স্ত্রীর আসন দেখতে চান। দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা তাঁকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশে বাধা দিলে তিনি উত্তেজিত হয়ে পড়েন। পরে প্রায় ২০ মিনিট পর মোটরসাইকেলে ফিরে এসে হাতে বড় রামদা নিয়ে কলেজ ভবনের ভেতর প্রবেশ করে ভয়ভীতি প্রদর্শন করেন।
সিসিটিভি ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেল থেকে নেমে আল সাদ হাতে রামদা উঁচিয়ে ভবনের দিকে এগিয়ে যান এবং কিছুক্ষণ পর ভবন থেকে বের হয়ে আসেন। স্থানীয় সূত্র জানায়, আলফাডাঙ্গা পৌরসদরের কুসুমদি গ্রামের বাসিন্দা আল সাদ একসময় ছাত্রলীগের কর্মী ছিলেন। তাঁর সঙ্গে থাকা অন্য যুবক সাদি শ্রীরামপুর এলাকার বাসিন্দা।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুজিবুর রহমান বলেন, প্রবেশে বাধা দেওয়ার পর আল সাদ হুমকি-ধমকি দিয়ে চলে যান। পরে রামদা নিয়ে আবার এসে ত্রাস সৃষ্টি করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশকে জানানো হলেও পুলিশ পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যান।
পরে স্থানীয় রাজনৈতিক নেতারা কলেজে এসে দুঃখ প্রকাশ করেন। অধ্যক্ষ জানান, তাঁদের মাধ্যমে আল সাদ মৌখিকভাবে ক্ষমা চেয়েছেন।
আলফাডাঙ্গা থানার ওসি মো. হাসনাত বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল, তবে অভিযুক্ত যুবক পুলিশ আসার আগেই সরে যায়। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।