বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › কর্মবিরতি স্থগিত, আজ সকাল থেকে স্বাভাবিক মেট্রো রেল চলাচল

কর্মবিরতি স্থগিত, আজ সকাল থেকে স্বাভাবিক মেট্রো রেল চলাচল

favicon
ভোরের আলো ডেস্ক:
কর্মবিরতি স্থগিত, আজ সকাল থেকে স্বাভাবিক মেট্রো রেল চলাচল

দাবি আদায়ে পূর্বঘোষণা অনুযায়ী মেট্রো রেল কর্মীদের সর্বাত্মক কর্মবিরতি স্থগিত করা হয়েছে। এরই মধ্যে সব মেট্রো স্টেশন খুলে দেওয়া হয়েছে। আন্দোলন স্থগিত হওয়ায় আজ শনিবার সকাল থেকে মেট্রো রেল চলাচল স্বাভাবিক থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


গতকাল শুক্রবার রাতে উত্তরা থেকে শেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে ছেড়ে যায়। কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্তের পর পর্যায়ক্রমে যাত্রীসেবা চালু করা হয়।


কর্মকর্তা-কর্মচারীদের দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামী ১৮ ডিসেম্বর বিশেষ বোর্ড সভা আহ্বানের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ায় আন্দোলনকারীরা কর্মবিরতি প্রত্যাহার করেন। ওই সভায় স্বতন্ত্র চাকরি বিধিমালা অনুমোদনের বিষয়টি উপস্থাপন করা হবে বলে জানা গেছে।


এর আগে স্বতন্ত্র চাকরি বিধিমালা প্রণয়নে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে শুক্রবার সকাল ৭টা থেকে মেট্রো রেল পরিচালনাকারী সংস্থার নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের একাংশ সর্বাত্মক কর্মবিরতি পালন করেন। ফলে নির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৩টা থেকে ট্রেন চলাচলের কথা থাকলেও উত্তরা ও মতিঝিল স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি, এতে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়।


ডিএমটিসিএলের জনসংযোগ কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলনকারীদের দাবি পূরণের প্রক্রিয়া শুরু হয়েছে। কিছু প্রক্রিয়াগত বিষয় থাকলেও সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।


সূত্র জানায়, বিশেষ বোর্ড সভায় স্বতন্ত্র চাকরি বিধিমালা অনুমোদিত হলে কর্মীদের প্রধান দাবি পূরণ হবে। এ অবস্থায় আন্দোলন অব্যাহত রাখার যৌক্তিকতা না থাকায় শনিবার থেকে সবাইকে নিয়ম অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।