বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › হাদি হামলার ঘটনায় সরকার ঘোষিত ৫০ লাখ টাকার পুরস্কার

হাদি হামলার ঘটনায় সরকার ঘোষিত ৫০ লাখ টাকার পুরস্কার

favicon
ভোরের আলো ডেস্ক:
হাদি হামলার ঘটনায় সরকার ঘোষিত ৫০ লাখ টাকার পুরস্কার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।


শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার হাদির ওপর হামলার ঘটনায় অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত চালাচ্ছে। তিনি দেশবাসীর কাছে হাদির সুস্থতার জন্য দোয়া কামনা করে বলেন, ‘হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। সবার দোয়ায় তিনি আবার আমাদের মধ্যে ফিরে আসবেন—এটাই আমাদের প্রত্যাশা।’


তিনি আরও বলেন, আসামি গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে এবং সবার সহযোগিতা পেলে খুব শিগগিরই অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হবে।


আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট শক্তির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার আরও জোরদার করা হবে। একই সঙ্গে আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে। যাদের বৈধ অস্ত্র আগে জমা রাখা হয়েছিল, সেগুলোও যাচাই সাপেক্ষে ফেরত দেওয়া হবে বলে জানান তিনি।


তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তাদের সুরক্ষায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনে আরও ব্যবস্থা নেওয়া হবে।