বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক

favicon
অনলাইন সংস্করণ
গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা গুরুতর এবং আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন ডা. মোহাম্মদ আব্দুল আহাদ।


ডা. আহাদ বলেন, হাদির মস্তিষ্কে মারাত্মক ক্ষতি দেখা গেছে। সকালেই তার পুনরায় সিটিস্ক্যান করা হয়েছে, যা থেকে জানা গেছে, গুলি মস্তিষ্কের টেম্পোরাল ব্যারিয়ার ভেদ করেছে। মস্তিষ্কে অক্সিজেনের স্বল্পতা এবং রক্ত জমাট বাধার সমস্যা রয়েছে। শুরুতে কিডনির কার্যক্ষমতা ব্যাহত হয়েছিল, তবে পরে তা ফিরেছে।


তিনি আরও জানান, লাইফ সাপোর্টে ফুসফুস অপরিবর্তিত অবস্থায় রয়েছে এবং বুলেট খুব কাছ থেকে গিয়েছে, যা গুরুত্বপূর্ণ রক্তনালির পাশ দিয়ে গেছে। অস্ত্রোপচারের মাধ্যমে শরীরের ভেতরে থাকা বুলেটের কিছু অংশ বের করা হয়েছে।


হাদির পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুর ও থাইল্যান্ডের হাসপাতালগুলোতে কেস সামারি পাঠানো হয়েছে। যেসব হাসপাতাল সাড়া দেবে, সেই অনুযায়ী হাদিকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত পরিবারই নেবে।


ডা. আহাদ জিসিএস (গ্লাসগো কমা স্কেল) পর্যায়ের কথা জানিয়ে বলেন, হাদির জিসিএস এখনও তিনেই রয়েছে, যা অপারেশনের আগে ও সময়ের সমান।


উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। হামলাকারীদের গ্রেফতারে রাজধানীজুড়ে অভিযান চালাচ্ছে ডিএমপি। এরই মধ্যে শনিবার রাতে মোহাম্মদপুর থেকে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়েছে।