শরীফ ওসমান হাদির ওপর হামলার মূল আসামি দেশেই রয়েছে: ডিএমপি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির ওপর হামলার মূল আসামি দেশেই অবস্থান করছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. নজরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, হাদির ওপর হামলায় সন্দেহভাজনদের পাসপোর্ট ব্লক করা হয়েছে। ইমিগ্রেশন ডেটাবেইস পর্যালোচনায় দেখা গেছে, তারা দেশত্যাগ করেনি। পুলিশ ফয়সাল নামের এক সন্দেহভাজনের পাসপোর্ট নম্বর সংগ্রহ করেছে এবং তার সর্বশেষ ভ্রমণ তথ্য অনুযায়ী তিনি থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন। এরপর তার বিদেশে যাওয়ার কোনো রেকর্ড নেই।
নজরুল ইসলাম আরও জানান, হামলার পর সন্দেহভাজনদের সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।
তিনি বলেন, এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি। পরিবারের সদস্যরা আহতকে নিয়ে ব্যস্ত থাকায় মামলা করতে পারেননি। তবে আজ পরিবারের পক্ষ থেকে মামলা না হলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।
ডিএমপি জানায়, এখন পর্যন্ত মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন হামলার সময় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক এবং অপর দুইজন অবৈধভাবে সীমান্ত পারাপারের সঙ্গে জড়িত। জিজ্ঞাসাবাদে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা গণমাধ্যমকে জানানো হবে।