শরিফ ওসমান হাদির বিদেশ চিকিৎসার সমস্ত ব্যয় বহন করবে সরকার: অর্থ উপদেষ্টা
গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপত্র শরিফ ওসমান হাদির বিদেশে চিকিৎসার সমস্ত খরচ সরকার বহন করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (১৫ ডিসেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ সন্তোষজনক এবং এটি আরও স্থিতিশীল হবে। তিনি আরও নিশ্চিত করেন, বিদেশে নিয়ে ওসমান হাদির চিকিৎসার জন্য প্রয়োজনীয় সকল অর্থ অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দেবে।
ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবং নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করা হবে।
এর আগে রোববার শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণ সংক্রান্ত সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ও ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন, হাদির চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখা হবে।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয় নগর বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদি রিকশায় যাচ্ছিলেন, তখন অজ্ঞাতনামা সন্ত্রাসীরা মোটরসাইকেল চালিয়ে এসে হত্যার উদ্দেশ্যে তার মাথায় গুলি করে পালিয়ে যায়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।