বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › শরিফ ওসমান হাদির ওপর হামলা: সহযোগী কবির গ্রেপ্তার, মূল অভিযুক্তদের ভারত পালানোর তথ্য

শরিফ ওসমান হাদির ওপর হামলা: সহযোগী কবির গ্রেপ্তার, মূল অভিযুক্তদের ভারত পালানোর তথ্য

favicon
ভোরের আলো ডেস্ক:
শরিফ ওসমান হাদির ওপর হামলা: সহযোগী কবির গ্রেপ্তার, মূল অভিযুক্তদের ভারত পালানোর তথ্য

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেপ্তার করেছে র‍্যাব।


গ্রেপ্তার কবিরের বাড়ি পটুয়াখালী জেলার সদর থানার বড় বিঘাই গ্রামে। একই জেলার বাসিন্দা হামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ। র‍্যাব জানায়, সোমবার ভোরে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকা থেকে কবিরকে গ্রেপ্তার করা হয়।


এদিকে, একটি বিশ্বস্ত সূত্র যমুনা নিউজকে জানিয়েছে, হাদিকে গুলি করে পালিয়ে যাওয়া দুই সন্দেহভাজন ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে। সূত্র অনুযায়ী, ফয়সাল ও আলমগীর গত শুক্রবার (১২ ডিসেম্বর) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে মোটরসাইকেলে সীমান্ত পার হয়। ঘটনার পর তারা প্রথমে প্রাইভেট কারে মিরপুর থেকে আশুলিয়া, এরপর গাজীপুর হয়ে ময়মনসিংহে পৌঁছায়। সেখানে গাড়ি পরিবর্তন করে ধারাবাজার পেট্রোল পাম্পে যায় এবং স্থানীয় এক ব্যক্তির সহায়তায় মোটরসাইকেলে সীমান্ত এলাকায় পৌঁছে ভারতে পালিয়ে যায়। পরে সীমান্তের ওপারে আরেকজন তাদের গ্রহণ করে বলে জানা গেছে।


অন্যদিকে, হাদিকে হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ এবং বান্ধবি মারিয়া আক্তার লিমার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পাশাপাশি শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অভিযুক্তদের পারাপারে সহায়তাকারী ফিলিপ স্নালের দুই সহযোগীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


প্রসঙ্গত, গত শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য রাতে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। কয়েকদিন চিকিৎসা চললেও অবস্থার তেমন উন্নতি না হওয়ায় তাকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করছে।