বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ত্রয়োদশ সংসদ নির্বাচনে পোস্টাল ভোটে নিবন্ধন ৪ লাখ ৫৬ হাজার ছাড়াল

ত্রয়োদশ সংসদ নির্বাচনে পোস্টাল ভোটে নিবন্ধন ৪ লাখ ৫৬ হাজার ছাড়াল

favicon
ভোরের আলো ডেস্ক:
ত্রয়োদশ সংসদ নির্বাচনে পোস্টাল ভোটে নিবন্ধন ৪ লাখ ৫৬ হাজার ছাড়াল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ৪ লাখ ৫৬ হাজার ৮৩০ জন প্রবাসী ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ২৮ হাজার ৫৪৫ জন এবং নারী ভোটার ২৮ হাজার ২৮৩ জন। নির্ধারিত সময়ে এসব প্রবাসীর ঠিকানায় ব্যালট পেপার পাঠাবে নির্বাচন কমিশন (ইসি)।


বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা ৫ মিনিট পর্যন্ত ইসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে এ তথ্য জানা গেছে।


এবারই প্রথমবারের মতো আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে ইসি। এই ব্যবস্থায় প্রবাসী ভোটারদের পাশাপাশি আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটাররাও ভোট দিতে পারবেন। এ জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক। গত ১৯ নভেম্বর নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত।


বর্তমানে দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, যুক্তরাজ্য ছাড়াও এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশের প্রবাসীরা এই অ্যাপে নিবন্ধন করতে পারছেন।


ইসি জানিয়েছে, নিবন্ধন সম্পন্ন করা ভোটারদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোট প্রদান শেষে ভোটাররা নির্ধারিত ফিরতি খামের মাধ্যমে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।


উল্লেখ্য, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে প্রায় ৫০ লাখ প্রবাসী ভোটারকে এই প্রক্রিয়ার আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সংস্থাটি।