বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › বিদেশে জনশক্তি রফতানিতে দালালদের প্রতারণা বড় বাধা: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

বিদেশে জনশক্তি রফতানিতে দালালদের প্রতারণা বড় বাধা: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

favicon
ভোরের আলো ডেস্ক:

বিদেশে জনশক্তি রফতানির ক্ষেত্রে দালালদের প্রতারণা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বিদেশগামীদের দালালদের হাত থেকে রক্ষা করার আহ্বান জানান।


বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।


প্রধান উপদেষ্টা বলেন, দালালচক্র থেকে বেরিয়ে না এলে কোনো কাজই সঠিকভাবে করা সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, পুরো ব্যবস্থাই দালালবেষ্টিত, আর সরকার এই অব্যবস্থার বাইরে অবস্থান করছে; এর ভেতরে প্রবেশ করে নিয়ন্ত্রণ করার সক্ষমতা সরকারের নেই।


তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যসহ একাধিক দেশ থেকে অভিযোগ এসেছে যে বাংলাদেশ থেকে যাওয়া অনেক অভিবাসনপ্রার্থীর কাগজপত্র বৈধ নয়, বরং ভুয়া। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে শ্রমশক্তি গ্রহণ বন্ধ রেখেছে বলেও জানান তিনি।


তারুণ্যের গুরুত্ব তুলে ধরে ড. মুহাম্মদ ইউনূস বলেন, অনেক দেশ প্রাকৃতিক সম্পদের কারণে বড় হয়েছে, কিন্তু বিশ্বজুড়ে এখন তারুণ্যের ঘাটতি রয়েছে। বাংলাদেশে বিপুল তরুণ জনশক্তি রয়েছে, যা সোনার চেয়েও দামী সম্পদ। এ সম্ভাবনাকে অবহেলা না করে যথাযথভাবে কাজে লাগাতে হবে। তিনি বলেন, এত বড় তরুণ জনশক্তির উৎস আর কোথাও নেই, তাই বিশ্বকেই একসময় বাংলাদেশের দিকে তাকাতে হবে।