ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের শিক্ষাপ্রতিষ্ঠানে সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশ ইসির
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যমান সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগে পাঠিয়েছেন।
নির্দেশনায় বলা হয়েছে, ভোটগ্রহণের তারিখের আগেই ভোটকেন্দ্রগুলোকে ভোটার চলাচলের উপযোগী করে তুলতে হবে এবং প্রয়োজনীয় অবকাঠামোগত সংস্কার সম্পন্ন করতে হবে। যেসব ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই, সেখানে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
এছাড়া ভোটকেন্দ্রে বিদ্যমান সিসিটিভি সংযোগ কার্যকর রাখতে হবে। যেসব কেন্দ্রে সিসিটিভি নেই, সেসব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বা কর্তৃপক্ষকে অন্তত ভোটের দিনের জন্য সিসিটিভি সংযোগ স্থাপনের ব্যবস্থা নিতে অনুরোধ করা হবে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে ভোটকেন্দ্র পরিদর্শন করতে হবে। পাশাপাশি প্রতিবন্ধী, বয়স্ক ও গর্ভবতী নারীদের জন্য বিশেষ ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে, বিশেষ করে যেসব ভোটকেন্দ্র সাইক্লোন সেন্টারে অবস্থিত।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।