শরিফ ওসমান হাদির মস্তিষ্কে আরেকটি অস্ত্রোপচার প্রয়োজন, সিঙ্গাপুরে চিকিৎসা চলছে
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির দ্রুত আরেকটি অস্ত্রোপচার প্রয়োজন। তার মস্তিষ্ক থেকে গুলির অংশ বের করা জরুরি। অস্ত্রোপচার সম্ভব না হলে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটার আশঙ্কা রয়েছে। তবে তার শরীর এখনও সেই অস্ত্রোপচারের জন্য প্রস্তুত নয়।
হাদির চিকিৎসা ও দেখভালের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে নেওয়ার কথাও চলছে, তবে এই মুহূর্তে তা আরও ঝুঁকিপূর্ণ হতে পারে। বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালেই তার পূর্ণাঙ্গ ও যথাযথ চিকিৎসা সম্ভব।
হাদির অন্যান্য অঙ্গ স্বাভাবিকভাবে কাজ করছে। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা ও পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করা হবে।
প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে হাদিকে গুলিবিদ্ধ করা হয়। তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য রাতেই এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। কয়েকদিন চিকিৎসার পর গত সোমবার (১৫ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। অন্তর্বর্তী সরকার তার চিকিৎসার পুরো ব্যয় বহন করছে।
হাদির চিকিৎসার দেখভাল করতে তার সঙ্গে রয়েছেন বড় দুই ভাই ওমর ফারুক ও আবু বকর সিদ্দিক।