নির্বাচন নিয়ে ভারতের অযাচিত নসিহত অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভারতের পক্ষ থেকে দেওয়া নসিহতকে অযাচিত ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথে এগোচ্ছে এবং এ বিষয়ে প্রতিবেশী কোনো দেশের উপদেশের প্রয়োজন নেই।
বুধবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করে আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দিতেন, এখন সংবাদমাধ্যমেও বক্তব্য দিচ্ছেন। তার বক্তব্যে উসকানিমূলক বিষয় রয়েছে। আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তি পাশের দেশে বসে বাংলাদেশের ভেতরে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে, সে বিষয়ে বাংলাদেশের আপত্তি থাকাটাই স্বাভাবিক।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চেয়েছে, কিন্তু ভারত তাকে ফেরত পাঠাচ্ছে না কিংবা তার বক্তব্য বন্ধেও কোনো উদ্যোগ নিচ্ছে না। বরং উল্টোভাবে বাংলাদেশকে নসিহত করছে, যা গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, গত ১৫ বছরে যেসব প্রহসনের নির্বাচন হয়েছে, সেসময় ভারত কোনো আপত্তি তোলেনি। অথচ এখন যখন অন্তর্বর্তী সরকার একটি ভালো ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের চেষ্টা করছে, তখন ভারতের এমন নসিহত অপ্রাসঙ্গিক ও অগ্রহণযোগ্য।
ভারতের উত্তর-পূর্বাঞ্চল বা ‘সেভেন সিস্টারস’ নিয়ে হাসনাত আবদুল্লাহর মন্তব্য প্রসঙ্গে প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ কোনো ধরনের সন্ত্রাসবাদ বা বিচ্ছিন্নতাবাদে বিশ্বাস করে না। কোনো রাজনৈতিক নেতা ব্যক্তিগত মন্তব্য করতে পারেন, কিন্তু বাংলাদেশ সরকার কখনোই এ ধরনের কর্মকাণ্ডকে সমর্থন করবে না বা কোনো বিচ্ছিন্নতাবাদীকে আশ্রয় দেবে না।
মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ভারত বরাবরই মুক্তিযুদ্ধে বাংলাদেশের ভূমিকাকে খাটো করে দেখানোর চেষ্টা করে, যা গ্রহণযোগ্য নয়।