যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম পুনরায় শুরু
নিরাপত্তা শঙ্কার কারণে সাময়িকভাবে বন্ধ থাকা ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের নিয়মিত কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) থেকে ভিসা আবেদন গ্রহণসহ সব আনুষঙ্গিক সেবা আবার চালু করা হয়।
এর আগে বুধবার নিরাপত্তাজনিত কারণে ভারতীয় ভিসা কেন্দ্রের (আইভিএসি) কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। ভিসা সেন্টারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে বুধবার দুপুর ২টা থেকে আইভিএসি–জেএফ কার্যক্রম বন্ধ থাকবে। ওইদিন যেসব আবেদনকারীর অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের পরবর্তীতে নতুন স্লট দেওয়া হবে বলে জানানো হয়।
এদিকে বাংলাদেশের ‘ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে গত বুধবার দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর কয়েক ঘণ্টা আগেই ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম বন্ধের ঘোষণা আসে।
উল্লেখ্য, একই দিনে জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের জোট ‘জুলাই ঐক্য’-এর ব্যানারে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই প্রেক্ষাপটেই বেলা দুইটা থেকে ভিসা কেন্দ্রের কার্যক্রম বন্ধ রাখা হয়।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কে চলমান টানাপোড়েন আবারও প্রকাশ্যে এসেছে। অল্প সময়ের ব্যবধানে দুই দেশের হাইকমিশনার তলবের ঘটনাকে তারা ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনার ইঙ্গিত হিসেবে দেখছেন।