ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে বিদেশি কূটনীতিকদের জরুরি ব্রিফিং করল পররাষ্ট্র মন্ত্রণালয়
ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সরকারের হালনাগাদ প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে ঢাকায় অবস্থানরত বিদেশি দূতাবাসগুলোকে অবহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক অবহিতকরণ সভায় দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের জরুরি ব্রিফ করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচন কমিশন বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাবে এবং বিভিন্ন দেশ ও সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এই ব্রিফিংয়ে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের মিশন প্রধান ও জাতিসংঘের কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়। দুই-একজন ব্যতীত অধিকাংশ মিশন প্রধান বা তাদের প্রতিনিধিরা এতে অংশ নেন।
সভায় যুক্তরাষ্ট্র, জার্মানি, চীন, রাশিয়া, পাকিস্তান, তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বেলা ৩টার দিকে শুরু হয়ে প্রায় ১০ মিনিট ধরে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।
নির্বাচন ও নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি দেশের সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়েও কূটনীতিকদের অবহিত করা হয়। এ সময় ভারতের আচরণের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়।