সন্ত্রাস ও সহিংসতা উসকানির বিরুদ্ধে সরকারের কড়া অবস্থান: রিপোর্ট করা যাবে হোয়াটসঅ্যাপে
সন্ত্রাস ও সহিংসতার আহ্বান সংবলিত সোশ্যাল মিডিয়া পোস্টের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে অন্তর্বর্তী সরকার। সহিংসতা উসকে দেয় এমন যেকোনো পোস্টের ব্যাপারে সরাসরি রিপোর্ট করার জন্য আজ শনিবার (২০ ডিসেম্বর) থেকে একটি বিশেষ সেবা চালু করেছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি। শুক্রবার দিবাগত রাতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি) ফয়েজ আহমদ তৈয়্যব ফেসবুকের মাধ্যমে এই ঘোষণা দেন।
সরকার জানিয়েছে, এখন থেকে নাগরিকরা সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর ০১৩০৮৩৩২৫৯২ অথবা ইমেইল notify@ncsa.gov.bd-এর মাধ্যমে রিপোর্ট করতে পারবেন। প্রাপ্ত রিপোর্টগুলো জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি যাচাই-বাছাই করবে এবং পরবর্তীতে বিটিআরসির মাধ্যমে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হবে। ফয়েজ আহমদ তৈয়্যব স্পষ্ট করেছেন যে, সরকার সরাসরি কোনো পোস্ট সরিয়ে দিতে পারে না, তবে যৌক্তিক কারণ দেখিয়ে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের কাছে রিপোর্ট করতে পারে।
একই সাথে দেশবাসীকে সতর্ক করে জানানো হয়েছে যে, সরাসরি সহিংসতা ঘটায় বা উসকানি দেয় এমন ‘হেট স্পিচ’ জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। নাগরিক জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সোশ্যাল মিডিয়াকে সংঘাত তৈরির মাধ্যম হিসেবে ব্যবহার না করার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।