বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › শরিফ ওসমান হাদির প্রয়াণে দেশজুড়ে রাষ্ট্রীয় শোক, অর্ধনমিত জাতীয় পতাকা

শরিফ ওসমান হাদির প্রয়াণে দেশজুড়ে রাষ্ট্রীয় শোক, অর্ধনমিত জাতীয় পতাকা

favicon
ভোরের আলো ডেস্ক:
শরিফ ওসমান হাদির প্রয়াণে দেশজুড়ে রাষ্ট্রীয় শোক, অর্ধনমিত জাতীয় পতাকা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে আজ শনিবার দেশজুড়ে এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। হাদির অকাল প্রয়াণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই শোক ঘোষণা করেন। রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনার্থে আজ দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।


হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সরকারের উপদেষ্টামণ্ডলীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, তথ্য ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার পৃথক শোকবার্তায় হাদির অকুতোভয় ভূমিকা ও দেশপ্রেমের কথা স্মরণ করেন। সৈয়দা রিজওয়ানা হাসান তার বার্তায় উল্লেখ করেন যে, অন্যায়ের বিরুদ্ধে হাদির আপসহীন অবস্থান গণতন্ত্রকামী মানুষের জন্য আজীবন প্রেরণা হয়ে থাকবে।


রাজনৈতিক অঙ্গনেও হাদির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই হত্যাকাণ্ডকে দুষ্কৃতকারীদের নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা হিসেবে অভিহিত করেছেন। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বিভিন্ন দলের নেতারা হাদিকে একজন সাহসী ও দেশপ্রেমিক তরুণ কণ্ঠস্বর হিসেবে আখ্যায়িত করেছেন। এছাড়া নির্বাচন কমিশন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকেও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।