গাজার জন্য ৩ হাজার ১৮৫ টনের বেশি মানবিক সহায়তা পাঠাল মিশর
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার জন্য নতুন করে ৩ হাজার ১৮৫ টনের বেশি মানবিক সহায়তা পাঠিয়েছে মিশর। রোববার ভোরে মিশরীয় রেড ক্রিসেন্টের উদ্যোগে একটি বড় ত্রাণবাহী বহর গাজার উদ্দেশে রওনা হয়।
মিশরীয় রেড ক্রিসেন্টের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ত্রাণবহরে হাসপাতালের জন্য জ্বালানি, খাদ্য, ওষুধ ও চিকিৎসাসামগ্রীসহ গাজাবাসীর জরুরি প্রয়োজনীয় বিভিন্ন পণ্য রয়েছে।
‘ফ্রম ইজিপ্ট টু গাজা’ কর্মসূচির আওতায় ‘জাদ আল-ইজ্জা’ উদ্যোগের অংশ হিসেবে এসব সহায়তা পাঠানো হয়েছে। অবরুদ্ধ গাজার মানুষের কাছে জরুরি মানবিক সহায়তা পৌঁছে দিতে মিশরের জাতীয় পর্যায়ে এ উদ্যোগ পরিচালিত হচ্ছে।
গাজার হাসপাতালগুলো যখন তীব্র সংকটের মুখে পড়েছে, তখনই নতুন এই ত্রাণবহর পাঠাল মিশর। জ্বালানি, ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীর ঘাটতির কারণে উপত্যকাটির স্বাস্থ্যসেবা ব্যবস্থা কার্যত ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে।
গত শুক্রবার (২ অক্টোবর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, জ্বালানি, ওষুধ ও জীবন রক্ষাকারী অন্যান্য সামগ্রীর দীর্ঘস্থায়ী সংকটের কারণে গাজার কোনো হাসপাতালই বর্তমানে পুরোপুরি কার্যকর নেই।
সংস্থাটির প্রতিনিধি রেইনহিল্ডে ভ্যান ডি ভের্ডট জানান, ইসরায়েলের অনুমোদনের অপেক্ষায় থাকা চিকিৎসাসামগ্রী ছাড় পেতে গড়ে ৭৪ দিন সময় লাগছে। এক্স-রে মেশিনের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জামও অনেক সময় দীর্ঘসূত্রতার কারণে আটকে থাকছে বা অনুমোদন পাচ্ছে না।
এ পরিস্থিতিতে গাজার চিকিৎসাসেবা সচল রাখা এবং বেসামরিক মানুষের জরুরি চাহিদা পূরণে জ্বালানি, খাদ্য ও চিকিৎসাসামগ্রীর সরবরাহ বাড়ানোকে অত্যন্ত জরুরি বলে মনে করছে মানবিক সহায়তা সংস্থাগুলো।