সোমবার , ০৫ অক্টোবর ২০২৬
সোমবার , ০৫ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ভারতজুড়ে বিক্ষোভ, আটক বহু

সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ভারতজুড়ে বিক্ষোভ, আটক বহু

favicon
ভোরের আলো ডেস্ক:
সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ভারতজুড়ে বিক্ষোভ, আটক বহু

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত রয়েছে। রোববার তৃতীয় দিনের মতো দিল্লি ও মুম্বাইয়ে বিক্ষোভ ও মিছিল করেছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা।


মুম্বাইয়ে মিছিলে অংশ নেন শিবসেনার উদ্ধব ঠাকরে ও মহারাষ্ট্র নবনির্মাণ সেনার রাজ ঠাকরে। প্রায় দুই দশক পর একই রাজনৈতিক মিছিলে একসঙ্গে দেখা গেল দুই ভাইকে। এ সময় বিক্ষোভকারীরা সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।


অন্যদিকে, দিল্লির যন্তর মন্তরেও বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা বিক্ষোভ করেন। যুব কংগ্রেসের পক্ষ থেকেও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। তৃতীয় দিনের বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে প্রায় ৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


বিক্ষোভ থেকে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা, আইনজীবী প্রশান্ত ভূষণসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।


এদিকে, বিক্ষোভ চলাকালে নারী আন্দোলনকারী ও সাংবাদিকদের পুলিশ সদস্যদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগও উঠেছে। এসব ঘটনায় পুলিশের কাছে তিনটি অভিযোগ জমা পড়েছে।


গত শুক্রবার ২ অক্টোবর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় অনিয়ম এবং বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ শুরু হয়। আন্দোলনকারীরা এসব অভিযোগের জন্য নির্বাচন কমিশনকে দায়ী করে সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আসছেন।