সোমবার , ০৫ অক্টোবর ২০২৬
সোমবার , ০৫ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › নিরাপত্তা উদ্বেগে যুক্তরাজ্য থেকে বি-১ বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র

নিরাপত্তা উদ্বেগে যুক্তরাজ্য থেকে বি-১ বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র

favicon
ভোরের আলো ডেস্ক:
নিরাপত্তা উদ্বেগে যুক্তরাজ্য থেকে বি-১ বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র

নিরাপত্তা উদ্বেগের কারণে যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটি থেকে বি-১ বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। ওই ঘাঁটিতে কয়েকজনকে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে গ্রেপ্তারের প্রায় এক সপ্তাহ পর বিমানগুলো সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে পেন্টাগন।


লন্ডনের উত্তর-পশ্চিমে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্সের ফেয়ারফোর্ড ঘাঁটিতে প্রায় এক ডজন বি-১ বোমারু বিমান মোতায়েন ছিল। ইরানে যুক্তরাষ্ট্রের চালানো হামলাতেও এসব বিমান ব্যবহার করা হয়েছিল।


পেন্টাগনের এক মুখপাত্র ই-মেইলে জানান, সামরিক অভিযানের নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে মার্কিন সামরিক সরঞ্জাম ও সেনাদের গতিবিধি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব হয়নি। তবে এখন নিশ্চিত করা যাচ্ছে, ফেয়ারফোর্ড ঘাঁটিতে মোতায়েন থাকা সব মার্কিন বোমারু বিমান যুক্তরাষ্ট্রের নিজ নিজ ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হয়েছে।


এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বুধবার জানিয়েছেন, ফেয়ারফোর্ড ঘাঁটিকে লক্ষ্য করে কথিত নাশকতার পরিকল্পনার সঙ্গে ইরানের সম্পৃক্ততার ‘জোরালো ইঙ্গিত’ রয়েছে। তবে তেহরান এ অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান।


নিরাপত্তা উদ্বেগ এবং ঘাঁটিটিকে লক্ষ্য করে সম্ভাব্য সন্ত্রাসী হামলার পরিকল্পনার আশঙ্কার মধ্যেই বিমানগুলো সরিয়ে নেওয়া হয়েছে বলে প্রথম প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।


এর আগে ব্রিটিশ সরকার ফেয়ারফোর্ড ঘাঁটিতে থাকা মার্কিন বোমারু বিমানগুলোকে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলার জন্য ব্যবহারের অনুমতি দিয়েছিল। হরমুজ প্রণালিতে জাহাজে হামলা চালাচ্ছিল—এমন ইরানি ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো এসব হামলার লক্ষ্য ছিল।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কথিত ওই পরিকল্পনার সঙ্গে জড়িত ব্যক্তিরা ‘বড় ধরনের ক্ষয়ক্ষতি’ ঘটানোর পরিকল্পনা করেছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও এ ঘটনায় ‘কোনো বিদেশি পক্ষের হাত’ থাকার ইঙ্গিত দিয়েছেন।