হরমুজে নিরাপত্তা উদ্বেগ, এশিয়ার বাজারে ব্রেন্টের দাম ১০২ ডলার ছাড়াল
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্থিরতা অব্যাহত রয়েছে। হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং সরবরাহে বিঘ্নের আশঙ্কায় তেলের দামে বাড়তি ঝুঁকি মূল্য যুক্ত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) এশিয়ার বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০২ ডলার ছাড়িয়েছে। একই সময়ে ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দামের ব্যবধানও বেড়ে ১১ ডলারের বেশি হয়েছে।
গলফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তেলের দাম বাড়ার পেছনে ট্যাংকার সংকটও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জাহাজ ভাড়া ও বিমা ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি তেল পরিবহনে দীর্ঘ পথ পাড়ি দিতে হওয়ায় অপরিশোধিত তেলের সরবরাহ ব্যয়ও বাড়ছে।
বিশেষ করে বড় আকারের অপরিশোধিত তেলবাহী জাহাজ বা ভিএলসিসির ভাড়া সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বেড়েছে। এর ফলে এশিয়ার ক্রেতাদের কাছে তেল পৌঁছানোর মোট খরচ আরও বাড়ছে।
ব্রেন্ট অপরিশোধিত তেল সমুদ্রপথে সরবরাহ হওয়া তেলের অন্যতম প্রধান বৈশ্বিক বেঞ্চমার্ক। হরমুজ প্রণালিতে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এবং সরবরাহে বিঘ্নের আশঙ্কায় এই তেলের দামে বাড়তি ঝুঁকি মূল্য বা রিস্ক প্রিমিয়াম যুক্ত হয়েছে।