ইরানের জ্বালানি মন্ত্রীর পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে হামিদ বোভার্ড
ইরানের জ্বালানি মন্ত্রী মোহসেন পাকনেজাদ পদত্যাগ করেছেন। রোববার (৪ সেপ্টেম্বর) তাসনিম নিউজের বরাতে আনাদুলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগ বিভাগের উপপ্রধান মেহদি তাবাতাবাই জানান, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকনেজাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। একই সঙ্গে জ্বালানি মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনার জন্য হামিদ বোভার্ডকে ভারপ্রাপ্ত জ্বালানিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তবে ঠিক কী কারণে মোহসেন পাকনেজাদ পদত্যাগ করেছেন, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
নতুন ভারপ্রাপ্ত জ্বালানিমন্ত্রী হামিদ বোভার্ড এর আগে রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তেল ও গ্যাস খাতের পাশাপাশি তেলক্ষেত্র পরিচালনায়ও তার দীর্ঘ কর্মঅভিজ্ঞতা রয়েছে।
এদিকে, ইরানের জ্বালানি খাত নিয়ে আলাদা মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। শনিবার তিনি দাবি করেন, সমুদ্রে ইরানের আর কোনো তেলের চালান অবশিষ্ট নেই। ফলে চলতি সপ্তাহে ইরান তেল বিক্রি থেকে কোনো রাজস্ব আয় করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।