যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতা নিয়ে আলোচনায় পাকিস্তান যাচ্ছেন গুতেরেস
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে চলতি সপ্তাহে পাকিস্তান সফরে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোমবার (৫ অক্টোবর) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (৬ অক্টোবর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে গুতেরেসের। সফরে তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় পাকিস্তানের কূটনৈতিক ও মধ্যস্থতামূলক প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন।
জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের মধ্যে সংলাপ এগিয়ে নিতে ইসলামাবাদের গঠনমূলক ভূমিকা নিয়ে আলোচনার সুযোগ হবে গুতেরেসের এই সফরে।
সফরকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারসহ দেশটির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমানো এবং সম্ভাব্য আলোচনার পথ তৈরিতে পাকিস্তানের মধ্যস্থতামূলক উদ্যোগ নিয়ে গুতেরেসের সফরে গুরুত্ব পেতে পারে।