বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › নিউইয়র্কে হামের প্রাদুর্ভাব বেড়েছে, জরুরি অবস্থা ঘোষণা

নিউইয়র্কে হামের প্রাদুর্ভাব বেড়েছে, জরুরি অবস্থা ঘোষণা

favicon
ভোরের আলো ডেস্ক:
নিউইয়র্কে হামের প্রাদুর্ভাব বেড়েছে, জরুরি অবস্থা ঘোষণা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) থেকে কার্যকর হওয়া এই জরুরি অবস্থা আগামী ৪ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে।


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে হামের সংক্রমণ বাড়তে শুরু করার পর নিউইয়র্কই প্রথম অঙ্গরাজ্য, যেখানে পরিস্থিতি মোকাবিলায় এমন জরুরি পদক্ষেপ নেওয়া হলো।


নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের জারি করা নির্বাহী আদেশ অনুযায়ী, চলতি বছরের ৩ অক্টোবর পর্যন্ত অঙ্গরাজ্যটিতে ১০৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ১৫ জুলাই থেকে ১৮টি গ্রামীণ কাউন্টিতে ৯২ জন আক্রান্ত হয়েছেন।


আক্রান্তদের মধ্যে সাতজন নিউইয়র্ক সিটির বাসিন্দা। বাকি ১০১ জন অঙ্গরাজ্যের বিভিন্ন গ্রামীণ এলাকার বাসিন্দা। বিশেষ করে কম টিকাপ্রাপ্ত এলাকাগুলোতে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


সংক্রমণ ঠেকাতে গত ১৫ জুলাই থেকে গ্রামীণ এলাকাগুলোতে এক হাজারের বেশি টিকার ডোজ বিতরণ করা হয়েছে। পাশাপাশি এমএমআর টিকা দেওয়ার জন্য অনুমোদিত স্বাস্থ্যকর্মীর সংখ্যাও বাড়িয়েছে রাজ্য সরকার।


নতুন নির্বাহী আদেশের আওতায় নিবন্ধিত নার্সরা সন্দেহভাজন রোগীদের সরাসরি পরীক্ষার নির্দেশ দিতে পারবেন। এ ছাড়া ফার্মাসিস্টরা দুই বছর বয়সী শিশুদেরও এমএমআর টিকা দিতে পারবেন। টিকা দেওয়ার সব তথ্য ৭২ ঘণ্টার মধ্যে সরকারি নিবন্ধনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


এদিকে নিউইয়র্কের প্রতিবেশী পেনসিলভানিয়াতেও হামের পরিস্থিতি উদ্বেগজনক। ২ অক্টোবর পর্যন্ত সেখানে অন্তত ৯৭৭ জন আক্রান্ত এবং পাঁচজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। আক্রান্তদের বড় একটি অংশ নিউইয়র্ক সীমান্তবর্তী এলাকার বাসিন্দা।


যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশটিতে প্রায় ৩ হাজার ৯০০ মানুষ হামে আক্রান্ত হয়েছেন। ১৯৯১ সালের পর এটি যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় হামের প্রাদুর্ভাব বলে জানিয়েছে সংস্থাটি।