প্রশ্ন করতেই সাংবাদিকের মাইক্রোফোন সরিয়ে দিলেন জয়া বচ্চন
ভারতের নয়াদিল্লিতে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকার প্রতিবাদ ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীদের আয়োজিত মিছিলে অংশ নিয়েছিলেন সমাজবাদী পার্টির সাংসদ ও অভিনেত্রী জয়া বচ্চন। এ সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাব না দিয়ে তাঁর মাইক্রোফোন সরিয়ে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
‘ইন্ডিয়া’ জোটের আয়োজিত মিছিলটি নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে যাওয়ার সময় পার্লামেন্ট স্ট্রিট এলাকায় সাংবাদিকদের মুখোমুখি হন জয়া বচ্চন।
প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভে ব্যবহৃত একটি প্ল্যাকার্ড নিয়ে জয়া বচ্চনকে প্রশ্ন করার চেষ্টা করেন এক সাংবাদিক। তবে প্রশ্নের উত্তর না দিয়ে তিনি সাংবাদিকের হাতে থাকা মাইক্রোফোনটি একপাশে সরিয়ে দেন। এ সময় তাঁকে একটি অঙ্গভঙ্গি করতেও দেখা যায়।
ঘটনাটি ক্যামেরায় ধারণ হওয়ার পর ভিডিওটি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। এরপর জয়া বচ্চনের আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। কেউ কেউ তাঁর আচরণের সমালোচনা করেছেন, আবার অনেকে ঘটনাটিকে বিক্ষোভের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির অংশ হিসেবে দেখছেন।
বিরোধী দলগুলোর ওই মিছিলের মূল উদ্দেশ্য ছিল ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকার প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি জানানো।
মিছিলটি নির্বাচন কমিশনের দপ্তরের দিকে এগিয়ে গেলে নিরাপত্তারক্ষীরা সংসদ সদস্যদের পথ আটকে দেন। এ সময় তৈরি হওয়া উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই সাংবাদিকের সঙ্গে জয়া বচ্চনের ওই ঘটনা ঘটে।