দীর্ঘ প্রেম-বিয়ে-বিচ্ছেদ, প্রীতম-শেহতাজের সম্পর্কে কী ঘটেছিল
২০১৭ সালে প্রীতম হাসানের ‘জাদুকর’ গানের সংগীতচিত্রে শেহতাজ মনিরা হাশেমের বলা ‘আমাকে তোমার সাথে নিয়ে চলো’ সংলাপটি অনেকেরই মনে দাগ কেটেছিল। সেই গানটির শুটিং থেকেই পরিচয় হয় প্রীতম ও শেহতাজের। কাজের সূত্রে যোগাযোগ, এরপর বন্ধুত্ব এবং একসময় সেই সম্পর্ক গড়ায় প্রেমে।
প্রায় পাঁচ বছর প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর বিয়ের মাধ্যমে নতুন জীবন শুরু করেন তারা। শ্রীমঙ্গলের পাহাড় ও চা-বাগানঘেরা একটি পাঁচ তারকা হোটেলে বসেছিল তাদের বিয়ের আসর। এতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। এমনকি নিজের বিয়ের পোশাকের নকশাও নিজেই করেছিলেন শেহতাজ।
বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই তাদের একসঙ্গে বিভিন্ন মুহূর্তের ছবি দেখা যেত। কখনো ঘুরতে যাওয়া, কখনো বন্ধুদের সঙ্গে আড্ডা, আবার কখনো বিভিন্ন অনুষ্ঠানে পাশাপাশি উপস্থিত হতে দেখা গেছে তাদের। প্রকাশ্যে তাদের দাম্পত্য জীবনে বড় কোনো অস্বাভাবিকতার ইঙ্গিতও তেমন চোখে পড়েনি।
২০২৩ সালে নিজেদের বাসায় ওঠেন প্রীতম ও শেহতাজ। সংসারের পাশাপাশি দুজনেই নিজেদের পেশাগত কাজ চালিয়ে যাচ্ছিলেন। এর মধ্যে প্রীতমের সংগীতজীবনেও আসে বড় পরিবর্তন।
কোক স্টুডিও বাংলায় কাজের পর ‘তুফান’ সিনেমা প্রীতমের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করে। সিনেমাটির গান ও অভিনয়ের মাধ্যমে তিনি আরও বড় পরিসরের দর্শকের কাছে পরিচিত হয়ে ওঠেন। বাড়তে থাকে দেশ-বিদেশের মঞ্চ অনুষ্ঠানের সংখ্যা। একই সঙ্গে বেড়ে যায় তাঁর কাজের ব্যস্ততাও।
এরপর ‘বরবাদ’ সিনেমার ‘চাঁদমামা’ ও ‘দ্বিধা’ এবং ‘প্রিন্স’ সিনেমার ‘জ্বালা জ্বালা’ গানও তাঁর জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয়। একের পর এক গান, মঞ্চ অনুষ্ঠান এবং দেশ-বিদেশে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন প্রীতম।
অন্যদিকে গত রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক পোস্ট দিয়ে প্রীতম ও শেহতাজ জানান, তারা আর বৈবাহিক সম্পর্কে নেই। তাদের বিচ্ছেদের ঘোষণা অনেকের কাছেই অপ্রত্যাশিত মনে হয়। কারণ, প্রকাশ্যে তাদের একসঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তই এতদিন বেশি দেখা গেছে।
তবে ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে জানা গেছে, তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল আরও আগে। সেই দূরত্বের সঙ্গে প্রীতমের ক্যারিয়ারে আসা পরিবর্তন ও ক্রমবর্ধমান ব্যস্ততারও যোগসূত্র রয়েছে বলে জানা গেছে।
২০১৭ সালে ‘জাদুকর’ গানের শুটিং থেকে শুরু হয়েছিল তাদের পরিচয়। এরপর দীর্ঘ প্রেম, ২০২২ সালের বিয়ে এবং প্রায় চার বছরের দাম্পত্যজীবন পেরিয়ে ২০২৬ সালে এসে আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেম।