বারিধারায় শ্রমিক মেহেদী হত্যা: আজান আলীর জামিন নামঞ্জুর, আদালতের কঠোর পর্যবেক্ষণ
রাজধানীর বারিধারা কূটনৈতিক এলাকার ১ নম্বর সড়কে বেপরোয়া গতির প্রাইভেট কারের চাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান নিহতের ঘটনায় গ্রেপ্তার আজান আলীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
রোববার (৪ অক্টোবর) দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদির উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শরীফ উদ্দীন মামলার আসামির জামিনের তীব্র বিরোধিতা করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী গোলাম মোস্তফা খান দাবি করেন, দুর্ঘটনার সময় আজান আলী গাড়ির চালকের আসনে ছিলেন না।
উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত সিসিটিভি ফুটেজ পর্যালোচনার বিষয়টি তুলে ধরে বলেন, ফুটেজে আজান আলীকে ঘটনাস্থলের ওই দিক থেকে বের হতে দেখা গেছে। আদালত পর্যবেক্ষণে বলেন, এমন গুরুতর ঘটনায় জামিন দেওয়া হলে সমাজে বেপরোয়া গাড়ি চালিয়ে অপরাধ করেও সহজে পার পাওয়ার বার্তা যেতে পারে। এতে অপরাধকে প্রশ্রয় দেওয়া হবে এবং বিত্তবানদের মধ্যে আইন ও বিচারব্যবস্থাকে সহজভাবে নেওয়ার প্রবণতা তৈরি হতে পারে।
পরে আদালত আজান আলীর জামিন আবেদন সরাসরি খারিজ করে দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর বিকেলে বারিধারা কূটনৈতিক এলাকার ১ নম্বর সড়কে দ্রুতগতির একটি প্রাইভেট কারের চাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান (২৪) নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই মোক্তাদির ইসলাম বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন।
মামলায় গাড়ির চালক আকাশ মারককে প্রধান আসামি করা হয়েছে। তবে ঘটনার পর বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও মামলার প্রধান আসামিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।