মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ, তদন্ত কমিটি গঠন

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ, তদন্ত কমিটি গঠন

favicon
ভোরের আলো ডেস্ক:
রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ, তদন্ত কমিটি গঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দেশীয় অস্ত্রসহ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের হামলা ও লাঞ্ছনার শিকার হয়েছেন কয়েকজন সাংবাদিক। এ ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।


রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট এলাকা থেকে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ জিয়াউর রহমান হলের সামনে যায়।


প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে অংশ নেওয়া কয়েকজনের হাতে রামদাসহ বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র দেখা যায়। এ সময় দায়িত্ব পালনরত কয়েকজন সাংবাদিক অস্ত্র প্রদর্শনের দৃশ্য মুঠোফোনে ধারণ করতে গেলে মিছিলকারীরা তাদের বাধা দেন। একপর্যায়ে কয়েকজন সাংবাদিককে শারীরিকভাবে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ ওঠে।


সাধারণ শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মারকে নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা এম আহসান হাবীবের একটি ফেসবুক পোস্টের মন্তব্যকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হয়। এর জেরেই রাতে পরিবহন মার্কেট এলাকা থেকে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল বের করা হয় বলে তারা জানান।


ঘটনার বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়টি তারা খতিয়ে দেখছেন। সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ বা হামলায় সংগঠনের কোনো নেতাকর্মীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


### দুই সদস্যের তদন্ত কমিটি


এদিকে ঘটনার তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। রোববার রাতে সংগঠনের দফতর সম্পাদক ও সহসভাপতি পদমর্যাদার মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।


বিবৃতিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্তে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েল ও মনজুরুল আলম রিয়াদের নেতৃত্বে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে।


কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে যথাযথ তদন্ত শেষে কেন্দ্রীয় সংসনের কাছে লিখিত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ নির্দেশনা দিয়েছেন।