মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › বাংলাদেশি সন্দেহে ভারতীয় দুই নাগরিককে বিএসএফের গুলি, আহত ২

বাংলাদেশি সন্দেহে ভারতীয় দুই নাগরিককে বিএসএফের গুলি, আহত ২

favicon
ভোরের আলো ডেস্ক:
বাংলাদেশি সন্দেহে ভারতীয় দুই নাগরিককে বিএসএফের গুলি, আহত ২

কুড়িগ্রামের উলিপুর সীমান্তে বাংলাদেশি সন্দেহে দুই ভারতীয় নাগরিককে গুলি করার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গুলিতে আহত ওই দুই ভারতীয় নাগরিক বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের শরীরে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে পেটে গুলিবিদ্ধ একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।


আহতরা হলেন ভারতের আসাম রাজ্যের দক্ষিণ শালমারা-মানকাচর জেলার বড় বালু এলাকার বাসিন্দা রাজমিস্ত্রি ইসমাইল হোসেন ও আব্দুল আলীম।


হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৪ অক্টোবর) রাতে কুড়িগ্রামের উলিপুর সীমান্ত এলাকায় গরু চোরাচালানের সময় ভারতীয় ভূখণ্ডে তাদের আটক করে বিএসএফ সদস্যরা। এ সময় তাদের বাংলাদেশি চোরাকারবারি সন্দেহে মারধর করা হয়। পরে নৌকায় করে তাদের বাংলাদেশ সীমান্তের শূন্যরেখার কাছে এনে গুলি করে রক্তাক্ত অবস্থায় ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে।


পরে স্থানীয় বাংলাদেশি বাসিন্দা ও মাঝিরা তাদের উদ্ধার করে প্রথমে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রংপুর ডিবি পুলিশের সহযোগিতায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়।


হাসপাতালে চিকিৎসাধীন ইসমাইল হোসেন সাংবাদিকদের জানান, তার বাড়ি আসামের দক্ষিণ শালমারা-মানকাচর এলাকায়। তিনি পেশায় রাজমিস্ত্রি। বাড়ির মহিষ বাঁধতে যাওয়ার সময় বিএসএফ সদস্যরা তাকে বাংলাদেশ থেকে আসা ব্যক্তি বলে সন্দেহ করেন। তিনি নিজের ভারতীয় নাগরিকত্বের কথা জানালেও তাকে লাঠিপেটা করা হয়। পরে নৌকায় করে সীমান্তের কাছে নিয়ে গুলি করা হয় বলে অভিযোগ করেন তিনি।


রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আব্দুল হাদি জানান, রোববার গভীর রাতে দুই গুলিবিদ্ধ রোগীকে সার্জারি ইউনিট-২-এ ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনের পেটের লাম্বার অঞ্চলে একাধিক গুলির স্প্লিন্টার ও ক্ষত রয়েছে। তার পাঁজরের হাড়ও ভেঙেছে। এ ছাড়া পেটে তীব্র ব্যথা ও ফোলাভাব রয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাকে স্যালাইন, অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।


হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, ভারতীয় ভূখণ্ডে বিএসএফের গুলিতে আহত হয়ে ওই দুই ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করেন। পরে স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহায়তায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়।


তিনি জানান, চিকিৎসকেরা তাদের শরীর থেকে গুলির স্প্লিন্টার অপসারণসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করেছেন। মানবিক দিক বিবেচনায় তাদের বিনামূল্যে ওষুধ ও প্রয়োজনীয় প্যাথলজিক্যাল পরীক্ষা দেওয়া হচ্ছে এবং সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।