রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে সাম্প্রতিক সংঘাত ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাখা ছাত্রদলের আরও ছয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক ও সহসভাপতি পদমর্যাদার মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদনে এসব শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বহিষ্কারাদেশের বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবিব ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসানকে নিজ নিজ সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়ে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ছাত্রনেতা বিশাল চক্রবর্তীকে সংগঠনের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে, একই ঘটনায় শাখা ছাত্রদলের আরও ছয় গুরুত্বপূর্ণ পদধারী নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নোটিশপ্রাপ্তদের কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত রোববার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল এবং পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনায় দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয় শাখায় সাংগঠনিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ছাত্রদল এ শাস্তিমূলক ব্যবস্থা নিল।