মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › ‘ঘুষ খাওয়ার জন্যই পুলিশের পোশাক পরেছি’ মন্তব্য, এএসআই ক্লোজড

‘ঘুষ খাওয়ার জন্যই পুলিশের পোশাক পরেছি’ মন্তব্য, এএসআই ক্লোজড

favicon
ভোরের আলো ডেস্ক:
‘ঘুষ খাওয়ার জন্যই পুলিশের পোশাক পরেছি’ মন্তব্য, এএসআই ক্লোজড

‘ঘুষ খাওয়ার জন্যই পুলিশের পোশাক পরেছি’—এমন বিতর্কিত মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে ক্লোজড করা হয়েছে। তাকে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।


সোমবার (৫ অক্টোবর) রাতে পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়।


স্থানীয়দের ভাষ্য, সম্প্রতি রানীগাঁও বাজারে একটি মামলার তদন্তে যান এএসআই ইলিয়াস। সেখানে স্থানীয়দের সামনে ঘুষ নেওয়া নিয়ে তিনি বিতর্কিত মন্তব্য করেন। ওই বক্তব্যের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।


ছড়িয়ে পড়া ভিডিওতে এএসআই ইলিয়াস হোসাইনকে বলতে শোনা যায়, ‘কিছু রটে দেখেই তো কিছু বটে! কথা বুঝছো না? আমি যদি বলি, আমি পুলিশের দারোগা, আমি ঘুষ খাই না, আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব, হইবো নাকি? আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই।’


এদিকে স্থানীয়দের অভিযোগ, মামলা তদন্তসহ বিভিন্ন কাজে এএসআই ইলিয়াসের বিরুদ্ধে ঘুষ দাবি এবং টাকা না দিলে হয়রানি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে।


তবে তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ এবং ভাইরাল ভিডিওর বক্তব্যের বিষয়ে অভিযুক্ত এএসআইয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি।